চট্টগ্রাম সন্দ্বীপের কৃতি সন্তান জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর গৌরবময় অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরো একটি সম্মাননা। ‘খ্যাতিমান রেডিও ডিএক্সার (DXer) ও মানবাধিকার কর্মী’ ক্যাটাগরিতে এবার তিনি অর্জন করলেন “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২)”।
২৫ এপ্রিল ২০২৬, শনিবার, রাজধানী সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে স্টার বাংলাদেশ মিডিয়ার প্রথম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যৌথ ভাবে আয়োজিত “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২) প্রদান ও ফ্যাশন শো সহ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়।
দিদারুল ইকবাল (S21DAL) অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণের কথা থাকলেও তিনি অনুষ্ঠানের আগের দিন শুক্রবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন থাকায় তিনি ঢাকায় উপস্থিত হতে পারেননি। ফলে দিদারুল ইকবাল (S21DAL)-এর পক্ষে পদকটি গ্রহণ করেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মহাসচিব নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রে মার্শাল আর্টের জনক ও জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা জ্যাম্বস কাজলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এবং স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আছিফুর রহমান তোতা।
৯০ এর দশক থেকে দিদারুল ইকবাল (S21DAL) প্রযুক্তিগতভাবে উন্নত শৌখিন শখ হিসেবে রেডিও ডিএক্সিং (দূরপাল্লার রেডিও শোনা) শুরু করেন। তিনি কেবল তথ্য বা গান শোনার জন্য রেডিও ডিএক্সিং করেননা, বরং এটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের আচরণ বোঝা, সিগন্যাল প্রপাগেশন স্টাডি করা এবং উন্নত প্রযুক্তির সাহায্যে হাজার হাজার মাইল দূরের ক্ষীণ সংকেত ধরার একটি রোমাঞ্চকর বৈজ্ঞানিক চর্চা করেন। ফলে বেতারের কারিগরি এবং এর সামাজিক প্রভাব নিয়ে গবেষণা ও লেখালেখি যা তার নেশায় পরিণত হয়েছে। তার কাছে আধুনিক ইন্টারনেটের যুগেও রেডিও ওয়েভ এবং বেতার প্রযুক্তির আবেদন আজও অনেক গভীর।
রেডিও ডিএক্সিং এর মাধ্যমে ডিএক্সার হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশন থেকে অসংখ্য কিউএসএল (QSL) কার্ড, সার্টিফিকেট এবং আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার ও উপহার অর্জন করেছেন। তিনি চীন আন্তর্জাতিক বেতার (CRI) সহ বিশ্বের বিভিন্ন নামী রেডিও স্টেশনের বাংলাদেশ চ্যাপ্টারে নিয়োগকৃত 'লিসনার্স মনিটর' বা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ হলো ফ্রিকোয়েন্সি বা সিগন্যালের মান এবং অনুষ্ঠানের মান সম্পর্কে সংশ্লিষ্ট বেতার কেন্দ্রকে রিসেপশন রিপোর্ট-এর মাধ্যমে ফিডব্যাক দেওয়া। বড় স্টেশনগুলো তাদের ভাষা সার্ভিস এবং সিগন্যালের মান ঠিক রাখতে তার মতো অভিজ্ঞ ডিএক্সারদের রিসেপশন রিপোর্টের ওপর নির্ভর করে। তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃক একজন লাইসেন্সধারী অ্যামেচার রেডিও অপারেটর বা হ্যাম (HAM), তার কলসাইন হলো S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা। এর মাধ্যমে তিনি বেতার তরঙ্গে দেশি-বিদেশি হ্যামদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং কিউএসএল (QSL) কার্ড আদান-প্রদান করেন। ডিএক্সিংয়ের মতো একটি বিরল ও মেধাবী শখের প্রতি তার এই অদম্য নেশা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে গর্বের বিষয়।
বর্তমান স্যাটেলাইট এবং ইন্টারনেটের যুগে যেখানে এনালগ রেডিও অনেকটা হারিয়ে যেতে বসেছে, সেখানে দিদারুল ইকবাল (S21DAL) এই ঐতিহ্যবাহী মাধ্যমটিকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এখনও তিনি রেডিওর মাধ্যমে তথ্য আদান-প্রদান, বিশ্বসংযোগ স্থাপন, প্রযুক্তিকে ব্যবহার করে সামাজিক সমস্যার সমাধান, মানবিক মূল্যবোধের প্রচার, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে গণ মানুষের কাছে এই মাধ্যমটিকে জনপ্রিয় করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। ফলে দেশি-বিদেশি বেতার কেন্দ্রগুলোর সাথে শ্রোতাদের সেতুবন্ধন তৈরিতে তার ভূমিকা তাকে এই অঙ্গনে এক কিংবদন্তী পর্যায়ে নিয়ে গেছে।
বহির্বিশ্বের রেডিও স্টেশন থেকে ডিএক্সিংয়ের অন্যতম মর্যাদাপূর্ণ ও অভিজাত শ্রেণির পুরস্কার জয়লাভ করে অর্থাৎ রেডিও রিপাবলিক অব ইন্দোনেশিয়া (RRI) ওয়ার্ল্ড সার্ভিস- ভয়েস অব ইন্দোনেশিয়া (VOI) ও মিনিস্ট্রি অব ট্যুরিজম এন্ড ক্রিয়েটিভ ইকোনমি অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়া থেকে “ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া কুইজ ২০১২”, চীন আন্তর্জাতিক বেতার (CRI) থেকে “চীনের পর্যটন দ্বীপ হাইনান জ্ঞান যাচাই প্রতিযোগিতা ২০১২” আন্তর্জাতিক পুরস্কার পেয়ে রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং রেডিও ভেরিতাস এশিয়া (RVA)-এর আমন্ত্রণে (৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদানের জন্য নির্বাচিত একমাত্র বাংলাদেশী ডিএক্সার, এটি ছিলো RVA-এর ইতিহাসে প্রথম এবং শেষ উদ্যোগ) ফিলিপাইন ভ্রমণ করেছেন দিদারুল ইকবাল (S21DAL)। একজন শ্রেষ্ঠ ডিএক্সার হিসেবে রেডিও জগতে তার যে অর্জন বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। ফলে শ্রোতা জগতে তিনি ডিএক্সিং হিরো হিসেবে সর্বত্র সমাদৃত।
বহু প্রতিভার অধিকারী দিদারুল ইকবাল (S21DAL) শখের রেডিও ডিএক্সিংকে শুধু বিনোদন কিংবা সংবাদ শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে নির্ভরযোগ্য সামাজিক তথ্য যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলেছেন। তার সৃজনশীল নেতৃত্ব এবং প্রযুক্তিবান্ধব চিন্তাধারার মাধ্যমে তিনি শতশত রেডিও শ্রোতাকে একত্রিত করে সামাজিক উন্নয়ন, তথ্য, সেবা, কল্যাণ ও সচেতনতামূলক কাজে যুক্ত করতে সক্ষম হয়েছেন। ১৯৯৯ সাল থেকে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় লেখালেখির পাশাপাশি দরিদ্র, অসহায়, দুস্থ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার নিয়ে কাজ শুরু করেন দিদারুল ইকবাল (S21DAL)। বিভিন্ন এনজিও, সমাজসেবা অধিদফতর, ইউএনডিপি, ইউনিসেফ ইত্যাদি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সমাজের সকল স্তরে শিশুদের অধিকার, সুরক্ষা এবং সব ধরনের সহিংসতা রোধে জনসচেতনতা তৈরিতে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন। সমাজসেবা এবং মানবাধিকার বিষয়ে লব্ধ কর্মদক্ষতা এবং বেতারের মাধ্যমে অর্জিত তথ্য বা শিক্ষাকে সমন্বয় করে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইতিবাচক দক্ষতা দিদারুল ইকবাল (S21DAL)-কে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে একজন আদর্শ, দূরদর্শী পথপ্রদর্শক বা মেন্টর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
একজন প্রতিভাবান ব্যক্তিত্ব হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক পুরস্কার অর্জন করে দিদারুল ইকবাল (S21DAL) সন্দ্বীপ তথা বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। রেডিও ডিএক্সিং (Radio DXing) এবং মানবাধিকার সুরক্ষায় তাঁর এবারের এই পুরস্কার লাভ নিঃসন্দেহে প্রশংসনীয়।
“স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২)” প্রাপ্তির অনুভূতি প্রকাশে দিদারুল ইকবাল (S21DAL) বলেন, "এই পদক প্রাপ্তি স্রেফ একটি ধাতব স্মারক নয়; বরং, এর প্রতিটি পরতে মিশে আছে ডিএক্সিংয়ের প্রতি আমার গভীর ভালোবাসা এবং মানবকল্যাণে ব্যয় করা আমার দীর্ঘ পথচলার অজস্র নির্ঘুম রাত, নিরলস পরিশ্রম, নিষ্ঠা আর অগণিত ত্যাগের এক জীবন্ত প্রতিফলন। যা আমাকে আগামীর পথে আরও সৃজনশীল হতে প্রেরণা যোগাবে। ডিএক্সিং আমার কাছে কেবল একটি শখ নয়; এটি বিশ্বকে জানার, শোনার এবং দূর প্রান্তের মানুষের সাথে হৃদয়ের বন্ধন তৈরির এক সৃজনশীল মাধ্যম। সেই সাথে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার যে তাগিদ আমি অনুভব করেছি, এই পুরস্কারটি সেই দীর্ঘ যাত্রার প্রতিটি নির্ঘুম রাত এবং প্রতিটি ছোট-বড় সংগ্রামের সার্থক রূপ। আমি বিশ্বাস করি, যেকোনো অর্জনই একা সম্ভব নয়। তাই এই স্বীকৃতি আমি উৎসর্গ করছি সেই সকল মানুষকে, যারা পর্দার আড়াল থেকে আমাকে নিরন্তর উৎসাহ দিয়ে গেছেন এবং যাদের অনুপ্রেরণায় আমি সৃজনশীলতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছি। এই সম্মাননা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। আগামী দিনগুলোতেও যেন ডিএক্সিং এবং মানবসেবার এই ধারাকে আরও বেগবান করতে পারি-এই প্রার্থনা করি।”
দিদারুল ইকবাল (S21DAL)-এর জন্ম চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হরিশপুর গ্রামে। তার পিতা মোহাম্মদ মানিক মিয়া, মাতা আনোয়ারা বেগম। ১ ভাই ৪ বোনের মধ্যে দিদারুল ইকবাল (S21DAL) সবার বড়। বোনেরা হলেন তাছলিমা বেগম, মুছলিমা বেগম, রিনা বেগম এবং উম্মে সালমা (মাছুমা)। তার স্ত্রী তাছলিমা আক্তার লিমা একজন গৃহিণী ও রেডিও শ্রোতা, তিনিও চীন আন্তর্জাতিক বেতার (CRI) থেকে আন্তর্জাতিক সর্বোচ্চ পুরস্কার পেয়ে ২০১৩ সালে রাষ্ট্রীয় মর্যাদায় চীন ভ্রমণ করেছেন। তাদের এক ছেলে লাবীব ইকবাল সিলেট শাহপরানে দ্য লুমিনাস স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর থেকে দিদারুল ইকবাল (S21DAL) তার পরিবার নিয়ে সিলেট শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করছেন।
সংবাদদাতা,
নুর মোহাম্মদ
মহাসচিব
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
_DSC_1032.jpg)

