South Asia Radio Club (SARC) Bangladesh has won the Star Bangladesh Award as the ‘Best Active Radio Listeners Club’
সমাজের তৃণমূলের অসচেতন, অনগ্রসর ও তথ্যবঞ্চিত জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নত করতে তাদের বাংলাদেশ বেতার সহ বিভিন্ন আন্তর্জাতিক রেডিও স্টেশন থেকে প্রচারিত নানা অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু সুরক্ষা, যৌন সহিংসতা, জলবায়ু, দুর্যোগ, বৃক্ষরোপণ, প্রকৃতি ও পরিবেশ, কৃষি, স্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে আলোচনা সভা, উঠান বৈঠক, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজনসহ ত্রাণ ও ঔষধ বিতরণ, রক্তদান, শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, রেডিও বিতরণ, সরকারি-বেসরকারি সেবা পেতে সহায়তা ইত্যাদি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অপরিহার্য ভূমিকা পালন করায় ‘শ্রেষ্ঠ কর্মমুখর রেডিও শ্রোতাক্লাব’ হিসেবে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-০২) পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ হলো রেডিও শ্রোতা, রেডিও কর্মী এবং গণমাধ্যম কর্মীদের একটি অলাভজনক আন্তর্জাতিক রেডিও গবেষণা, তথ্য ও সংস্কৃতি বিনিময়, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এই ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত ক্লাবটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেডিও এবং শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন তৈরীর পাশাপাশি দেশে বেতার সংস্কৃতি উন্নয়ন এবং বহুমুখী সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছে।
গত ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, রাজধানী সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে স্টার বাংলাদেশ মিডিয়ার প্রথম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যৌথ ভাবে আয়োজিত “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন-২) প্রদান ও ফ্যাশন শো সহ জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন ক্লাব সদস্য কবি ও গীতিকার স্বর্ণা তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের মহাসচিব নুর মোহাম্মদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. আরিফুল ইসলাম, শাক্য বড়ুয়া, মোহাম্মদ আকতার হোসেন, অনিন্দ্য বড়ুয়া স্বপ্নীল প্রমুখ।
একটি সক্রিয় বেতার শ্রোতা ক্লাব হিসেবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর এই অভাবনীয় সাফল্য সত্যিই পুরো দেশের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। রেডিও শোনার পাশাপাশি নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন ক্লাবটি। কাজের স্বীকৃতি স্বরূপ ‘শ্রেষ্ঠ কর্মমুখর রেডিও শ্রোতাক্লাব’ হিসেবে গৌরবান্বিত স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড লাভ করায় ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলে মহা আনন্দিত, গর্বিত এবং সম্মানিত।
জমকালো এই অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রে মার্শাল আর্টের জনক ও জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা জ্যাম্বস কাজলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এবং স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আছিফুর রহমান তোতা।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment